
চলতি অর্থবছর ২০২৫-২৬ এর প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বাংলাদেশের রপ্তানি আয় বছরওয়ারি ভিত্তিতে ৩.১৫ শতাংশ কমেছে। তৈরি পোশাক খাতে দুর্বল রপ্তানি এবং গত ফেব্রুয়ারিতে তীব্র মন্থরতার প্রভাবেই এ সংকোচন দেখা দিয়েছে।
সোমবার (২ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জুলাই-ফেব্রুয়ারি সময়ে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ হাজার ২৯৪ কোটি ২৬ লাখ ডলার।
এদিকে সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই মাসে রপ্তানি আয় নেমে এসেছে ৩ দশমিক ৫০ বিলিয়ন ডলারে, যা জানুয়ারির তুলনায় ২০ দশমিক ৮১ শতাংশ কম এবং গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ১২ দশমিক ০৩ শতাংশ হ্রাস। জানুয়ারিতে রপ্তানি প্রবৃদ্ধির পর ফেব্রুয়ারিতে বৈশ্বিক চাহিদা দুর্বল হয়ে পড়া এবং চালান কমে যাওয়ার প্রভাব স্পষ্ট হয়েছে।
দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি যোগান দেওয়া তৈরি পোশাক (আরএমজি) খাতে জুলাই–ফেব্রুয়ারি সময়ে বছরওয়ারি ভিত্তিতে আয় কমেছে ৩ দশমিক ৭৩ শতাংশ, যা দাঁড়িয়েছে ২৫ দশমিক ৮০ বিলিয়ন ডলারে।
ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রপ্তানি বাড়লেও কৃষি পণ্যের কমেছে। হোম টেক্সটাইলের রপ্তানি আয় ২ দশমিক ৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৩৪ লাখ ডলারে।
আর চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ৪ দশমিক ৪১ শতাংশ। জুলাই-ফেব্রুয়ারি মাসে রপ্তানি হয়েছে ৭৯ কোটি ৯ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। তবে কৃষি পণ্যের রপ্তানি আয় ১০ দশমিক ০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৮১ লাখ ডলারে।