
অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের রায় আগামী ৯ মার্চ ঘোষণা করা হবে।
মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী রায়ের জন্য এ দিন ধার্য করেন। এদিন সিআইডি পুলিশের ইন্সপেক্টর শাহিনুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই জামাল উদ্দিন আদালতে সাক্ষ্য দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জানান, সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসিফ আকবর নিজেকে নির্দোষ দাবি করেন। পরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার সাক্ষ্য দেন। অভিযোগপত্রভুক্ত ৯ জন সাক্ষীর মধ্যে তিন জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার অফিস কক্ষে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।
লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে একই বছরের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এসআই প্রশান্ত কুমার সিকদার। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই জামাল হোসেন।
অভিযোগপত্র দাখিলের পাঁচ বছর পর, ২০২৪ সালের ২৫ নভেম্বর অভিযোগ গঠন করে ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত বিচার শুরুর আদেশ দেন।
প্রসিকিউটর ওয়ালিউল ইসলাম তুষার বলেন, ‘গত বছরের ২০ মার্চ বিচারের জন্য মামলাটি আমাদের আদালতে পাঠানো হয়। আমরা তিন জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছি। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণের সক্ষম হয়েছি।’